হাওজা নিউজ এজেন্সি: মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রে ইরানের কথিত নাশকতামূলক পরিকল্পনা এবং ক্ষেপণাস্ত্র তৈরির কাজে বাঁধ ব্যবহারের অভিযোগসংবলিত সাম্প্রতিক প্রতিবেদনগুলো মূলত ইসরাইলপন্থী লবিগোষ্ঠীর প্রচারণার ফল।
তিনি লেখেন, ‘গত ৭২ ঘণ্টায় ইসরাইলপন্থী গণমাধ্যমগুলো দাবি করেছে, ইরান নাকি ওয়াশিংটন ডিসিতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে এবং বাঁধের নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করছে। এসবই সম্পূর্ণ ভিত্তিহীন।’
সম্প্রতি সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ (তেজস্ক্রিয় পদার্থ ছড়াতে সক্ষম বোমা) ব্যবহার করে অভিযান চালাতে পারে। এ ছাড়া দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে ইরানের বিস্তৃত পানি অবকাঠামো, বিশেষ করে বাঁধ নির্মাণের সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচির সম্ভাব্য যোগসূত্রের কথা বলা হয়।
ইরান এসব অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির মতে, নতুন করে আগ্রাসনের অজুহাত তৈরির উদ্দেশ্যেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
আরাকচি বলেন, এসব প্রতিবেদন ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পক্ষে জনসমর্থন আদায়ে গণবিধ্বংসী অস্ত্র নিয়ে ছড়ানো মিথ্যা গোয়েন্দা তথ্যের কথা স্মরণ করিয়ে দেয়। ওই সময় ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগকে আগ্রাসনের অন্যতম প্রধান অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছিল।

প্রেস টিভির তথ্য অনুযায়ী, মার্কিন আগ্রাসনের পর পরিচালিত বিভিন্ন সরকারি তদন্ত ও অনুসন্ধানে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
আপনার কমেন্ট